
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দাগামী মহাসড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে প্রাণহানির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ জন্য কনস্যুলেটের কর্মকর্তারা সৌদি আরবের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বজনদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।










