
সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নতুন এই নির্দেশনায় অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তার জন্য বিমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।
আদেশে উল্লেখ করা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সকল কর্মকর্তা এই নির্দেশনার আওতায় থাকবেন।
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগ থেকে জারি করা অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন এই আদেশের মাধ্যমে সেই বিধানে পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২৬ সালের ২৯ এপ্রিলের পত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির এতে স্বাক্ষর করেছেন।
পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।






