
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু খাল খননে সীমাবদ্ধ থাকবে না বর্তমান সরকারের কার্যক্রম। খননকৃত খালে মাছ চাষের পাশাপাশি খালের পাড়ে গাছের চারা রোপণ করা হবে।
শুক্রবার দুপুরে চাঁদপুর জেলার শাহরাস্তির ওয়ারুক এলাকায় দু’টি খাল খননের উদ্বোধনী কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রী বলেন, দেশের ২০ হাজার কিলোমিটার খালের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে চাঁদপুরের এই দুইটি খালও অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার প্রতিটি স্তরে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমান সরকার জনগণের সরকার এবং জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে তিনি বলেন, কাবিখাসহ মন্ত্রণালয়ের কোনো বরাদ্দে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







