রবিবার ২১ জুন, ২০২৬

লিফটের ভেতরে আয়না লাগানো হয় কেন? জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla - Mirrors in elevators
প্রতীকী ছবি/কোলাজ রাইজিং কুমিল্লা

বর্তমান নগরজীবনে বহুতল ভবন মানেই লিফট (বা এলিভেটর)। অফিস, শপিংমল, হাসপাতাল কিংবা আবাসিক ভবন—সব জায়গাতেই এখন লিফটের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। লিফটে উঠেই অনেকেই আয়নায় নিজের চেহারা বা পোশাক ঠিকঠাক আছে কি না দেখে নেন। তবে লিফটের ভেতরে আয়না বসানোর উদ্দেশ্য শুধু সাজগোজ বা সৌন্দর্যবর্ধন নয়; এর পেছনে রয়েছে নিরাপত্তা, মানসিক স্বস্তি এবং ব্যবহারিক নানা গুরুত্বপূর্ণ কারণ।

বিশেষজ্ঞদের মতে, লিফটের ভেতরের সীমিত ও বন্ধ পরিবেশ অনেক মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে।

বিশেষ করে যারা ‘ক্লাস্ট্রোফোবিয়া’ বা সংকীর্ণ স্থানের ভয়জনিত সমস্যায় ভোগেন, তাদের জন্য লিফটে থাকা বেশ কঠিন হয়ে ওঠে। এ ক্ষেত্রে আয়না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়না ছোট জায়গাকে তুলনামূলক বড় ও খোলামেলা মনে করায়, ফলে যাত্রীদের মানসিক চাপ ও শ্বাসরুদ্ধকর অনুভূতি কিছুটা কমে যায়।

এ ছাড়া বহুতল ভবনে লিফটে উঠলে গন্তব্যে পৌঁছাতে কিছুটা সময় লাগে। সেই সময়টুকু অনেকের কাছেই একঘেয়ে মনে হতে পারে। আয়না থাকলে যাত্রীরা নিজেদের দিকে নজর দেন, পোশাক-পরিচ্ছদ ঠিক করেন কিংবা অন্যভাবে মনোযোগ সরিয়ে রাখতে পারেন। এতে অপেক্ষার সময়টাও তুলনামূলক কম মনে হয়।

নিরাপত্তার দিক থেকেও লিফটের আয়না অত্যন্ত কার্যকর। আয়নার মাধ্যমে যাত্রীরা লিফটের ভেতরে থাকা অন্যদের গতিবিধি সহজেই পর্যবেক্ষণ করতে পারেন। ফলে সন্দেহজনক আচরণ বা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে দ্রুত সতর্ক হওয়া সম্ভব হয়। অনেক ক্ষেত্রে এটি অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমাতেও সহায়তা করে।

হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্যও লিফটের আয়না বিশেষভাবে উপকারী। আয়নার সাহায্যে তারা সহজেই পেছনের জায়গা দেখতে পারেন এবং নিরাপদভাবে লিফটে প্রবেশ বা বের হতে পারেন। এতে চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

বিশেষজ্ঞরা বলছেন, লিফটের মতো ছোট একটি স্থানে আয়না ব্যবহারের এই ধারণা শুধু নান্দনিকতার জন্য নয়; বরং এটি মানুষের মানসিক স্বস্তি, নিরাপত্তা এবং ব্যবহারিক সুবিধা নিশ্চিত করার একটি কার্যকর উপায়। তাই পরেরবার লিফটে আয়না দেখলে সেটিকে শুধু নিজের মুখ দেখার মাধ্যম হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও মানসিক সহায়ক ব্যবস্থা হিসেবেও ভাবতে পারেন।

আরও পড়ুন