রবিবার ২১ জুন, ২০২৬

বাহুবলের আদিত্যপুরের জোড়া হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর বিমানবন্দর থেকে আটক

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল, হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবলের আদিত্যপুরের জোড়া হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর বিমানবন্দর থেকে আটক
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর, আব্দাফুজদা ও কাসেরগাঁও গ্রামের সংঘর্ষে সংঘটিত আলোচিত জোড়া হত্যা ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

রবিবার (২১ জুন) বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত জাহাঙ্গীর আদিত্যপুর, আব্দাফুজদা ও কাসেরগাঁও গ্রামের সংঘর্ষে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত। জাহাঙ্গীর গোপনে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহুবল মডেল থানা পুলিশ তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

বাহুবলের আদিত্যপুরের জোড়া হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর বিমানবন্দর থেকে আটক
অভিযুক্ত জাহাঙ্গীর/ছবি: প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আইনের চোখে কেউই ঊর্ধ্বে নয়। “জোড়া হত্যার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” এছাড়া জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বাহুবলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহুবল মডেল থানা সবসময় তৎপর থাকবে।

আরও পড়ুন