
হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাখাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম জুবায়ের আহমেদ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে পাঠানো হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বুল্লা বাজারের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের আহমেদ মোটরসাইকেলে করে বুল্লা বাজার থেকে বাড়ি
ফিরছিলেন। পথে বাগানবাড়ি এলাকায় পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সিএনজি ও মোটরসাইকেলের মাঝখানে তাঁকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে রেফার করা হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আহত সাংবাদিক এস এম জুবায়ের আহমেদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।








