রবিবার ৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুর রেলস্টেশনে নারীর স্বর্ণ ছিনতাই, ১৮ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ৩ জন

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Gold snatched from a woman at Chandpur railway station, 3 arrested, 18 tolas of gold recovered
চাঁদপুর রেলস্টেশনে নারীর স্বর্ণ ছিনতাই, ১৮ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ৩ জন/ছবি : সংগৃহীত

চাঁদপুরে রেলওয়ে স্টেশনে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলাটি ৫ নভেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৯৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে চাঁদপুরের পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে ছায়া তদন্তের নির্দেশ দেন। পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেন (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

এরপর গত ৭ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন এলাকার শ্রমিক কলোনির বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গের ভেতর অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেখানো স্থান থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি স্বর্ণের চেইন (প্রায় ৭ ভরি), পাঁচটি আংটি (প্রায় ৩ ভরি), চার জোড়া কানের দুল (প্রায় আড়াই ভরি), দুটি হাতের রুলি (প্রায় ২ ভরি), একটি গলার হার (প্রায় আড়াই ভরি) এবং একটি হাতের ব্রেসলেট (প্রায় ১ ভরি)।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন