শুক্রবার ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি পদে নির্বাচন দ্রুত, তপশিল ঘোষণার প্রস্তুতিতে নির্বাচন কমিশন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Election commission
নির্বাচন কমিশন/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছ উদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। যেহেতু রাষ্ট্রপতি ২৪ জুলাই পদত্যাগ করেছেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসারে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একমাত্র বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী রোববার অথবা পরবর্তী কোনো কার্যদিবসে কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, “খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।”

আরও পড়ুন