
মুরাদনগরে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি প্রতিষ্ঠানের উৎপাদিত প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে।
সোমবার (৮ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে মেসার্স বাদল ফুড এন্ড বেভারেজের বিরুদ্ধে অনুমোদন ছাড়া এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মেসার্স বি বাড়িয়া বেকারী কর্তৃক অবৈধভাবে ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদিত প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।
বিএসটিআই সূত্র জানায়, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।










