রবিবার ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার/ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রহিম সরকার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামের মৃত আব্দুল বাতেন সরকারের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ জুন সকালে মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, মহেশপুর গ্রামের খোরশেদ আলম ও রহিম সরকারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে রহিম সরকার পক্ষের সদস্য মাওলা সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান জানান, গত ২৫ জুন সকালে রাশিদা বেগম নিজ বাড়িতে আসেন। পরে গৃহপালিত পশু নিয়ে পিকআপভ্যানে করে বাড়ি থেকে যাওয়ার সময় পথে তার গাড়ির গতিরোধ করা হয়।

এ সময় রহিম সরকারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাকে পিকআপভ্যান থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। মাকে বাঁচাতে এগিয়ে এলে তার দুই মেয়েকেও মারধর করে আহত করা হয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রহিম সরকারকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, রবিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার রহিম সরকারকে বাঙ্গরা বাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন