মঙ্গলবার ১৯ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিভিন্ন কসমেটিকস ও শিশুপণ্য বিক্রি ও মজুদ করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ মে ২০২৬) জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে সদর উপজেলার মসজিদ রোড এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স রামীম এন্টারপ্রাইজকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বেবী শ্যাম্পু, স্কিন ক্রীম ও শ্যাম্পু বিক্রি ও মজুদ করার দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কিছু পণ্য জব্দ করা হয়।

এছাড়া মেসার্স নোহা ট্রেডার্সকে একই অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাদের বিক্রয় ও মজুদকৃত কিছু পণ্য জব্দ করা হয়।

একই অভিযানে মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজকে নিবন্ধন সনদ ছাড়া বেবী লোশন, বেবী শ্যাম্পু, স্কিন ক্রীম ও শ্যাম্পু বিক্রি ও মজুদ করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির পণ্যও জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং সহকারী কমিশনার আল জামি মুইতাসিম মুইন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন