শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এক বিদ্যালয়ে দীর্ঘ পথচলা শেষে বিদায়, ভালোবাসায় সিক্ত শিক্ষিকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - A teacher in Brahmanbaria bids farewell to her school after a long journey, showered with love.
ব্রাহ্মণবাড়িয়ায় এক বিদ্যালয়ে দীর্ঘ পথচলা শেষে বিদায়, ভালোবাসায় সিক্ত শিক্ষিকা/ছবি: সংগৃহীত

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার। প্রিয় শিক্ষকের বিদায়কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. দেলোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া।

শিক্ষক মো. হাসিব আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন বেগম, সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষকের স্বামী ও সাবেক সরকারি কর্মকর্তা মো. হান্নান মিয়া এবং সমাজসেবক মো. ছোটন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব কেবল পাঠ্যবইয়ের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ গঠনে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহমুদা আক্তার দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁর শিক্ষা, আদর্শ ও অবদান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, কর্মজীবন থেকে অবসর নিলেও একজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী ও সহকর্মীদের সম্পর্ক কখনো শেষ হয় না। বরং তাঁর রেখে যাওয়া স্মৃতি ও ভালোবাসা সবার হৃদয়ে বেঁচে থাকে। মাহমুদা আক্তারও বিদ্যালয় পরিবারের কাছে সব সময় শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে থাকবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে মাহমুদা আক্তারকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গাড়ির পিছু পিছু বাড়ি পর্যন্ত যান। এমন ব্যতিক্রমী বিদায় আয়োজন উপস্থিত সবার মাঝে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।

বিদায়ী প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, বিদায় সব সময়ই বেদনাদায়ক। সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে চলে যাওয়া তাঁর জন্য অনেক কষ্টের। দীর্ঘদিন একই বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠানটি তাঁর পরিবারের মতো হয়ে উঠেছে। তাই এই বিদ্যালয় থেকে বিদায় নেওয়া তাঁর জন্য অত্যন্ত আবেগের।

তিনি আরও বলেন, চাকরিজীবনে কখনো দায়িত্বে অবহেলা করেননি। সব সময় নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন। সহকর্মীদের সঙ্গে তাঁর দীর্ঘ কর্মজীবনের সময়গুলোও ছিল আনন্দময়। বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসায় তিনি অভিভূত। এই ভালোবাসা ও সম্মান আমৃত্যু স্মরণে রাখবেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন