
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে ৪৯৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জন রয়েছেন। অভিযানে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অংশ নেয়।
গত ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাত এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










