বৃহস্পতিবার ৬ আগস্ট, ২০২৬

‎বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক‍্যজোটের স্মারকলিপি প্রদান

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Memorandum by the 11-party alliance in Cumilla demanding resolution of the electricity and gas crisis and control of commodity prices.
‎বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন এবং মাওলানা লুৎফুর রহমান খান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে শিল্প, কৃষি এবং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোক্তারা ভূতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের শিকার হচ্ছেন, যা মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি করছে। সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ভূতুড়ে বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও পড়ুন