
কুমিল্লার চান্দিনা থানায় মাদকসংক্রান্ত অপরাধের তথ্য সংগ্রহের জন্য স্থাপিত অভিযোগ বাক্সে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। চালুর প্রথম মাসে মাত্র একটি অভিযোগ জমা পড়লেও, পরবর্তী এক মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চান্দিনা পৌরসভা এলাকা থেকে এই অভিযোগগুলো জমা পড়েছে।
সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ঝামেলা বা ভীতি ছাড়াই গোপনে মাদকসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে পারেন, সেই উদ্দেশ্যে চান্দিনা থানায় এই অভিযোগ বাক্সটি স্থাপন করা হয়েছিল।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, প্রথম দিকে সাধারণ মানুষের মাঝে অভিযোগ বাক্সটি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় মাত্র একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে সচেতনতা বৃদ্ধির ফলে পরবর্তী মাসে ৩২টি অভিযোগ জমা পড়েছে। প্রাপ্ত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা মিললেই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। এলাকাবাসীর দেওয়া তথ্য ও অভিযোগগুলো সঠিকভাবে যাচাই-বাছাই করা গেলে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।









