শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

বিদেশে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে মরদেহ আনার অর্ধেক খরচ দিতে চায় সরকার: শ্রমমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla -Government willing to cover half the cost of repatriating the remains of Bangladeshi expatriates who die abroad- Labour Minister
বিদেশে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে মরদেহ আনার অর্ধেক খরচ দিতে চায় সরকার: শ্রমমন্ত্রী/ছবি: সংগৃহীত

প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার অর্ধেক ব্যয় বহনের পরিকল্পনা করছে। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

এদিকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য বা শারীরিকভাবে কর্ম-অনুপযোগী ব্যক্তিকে উপযুক্ত দেখিয়ে পাঠিয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা প্রদানে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন শ্রমমন্ত্রী। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন মন্ত্রী।

আরও পড়ুন