বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬

ফুচকা বিক্রেতা, রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সবাইকে বাংলা কিউআরের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Everyone from -phuchka- sellers and rickshaw pullers to small business owners will be brought under the ambit of Bangla QR- Finance Minister
ফুচকা বিক্রেতা, রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সবাইকে বাংলা কিউআরের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ধরনের ফি বা চার্জ রাখা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এর জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো অতিরিক্ত ফি বা চার্জ দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এর মাধ্যমে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে সহজেই কিউআর কোডের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিউআরভিত্তিক লেনদেন চালু হলে সাধারণ মানুষকে আর নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা পোহাতে হবে না। একই সঙ্গে লেনদেন আরও সহজ, দ্রুত ও গতিশীল হবে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ব্যবস্থাটি চালু করতে গিয়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করে ব্যবস্থাটিকে কার্যকর করা সম্ভব হবে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে সহজ ও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিকভাবে সফল এই চর্চাকে দেশে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো ধরনের দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন