
প্রতিশ্রুতি রক্ষা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। পূর্বঘোষণা অনুযায়ী পশু কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করা হয়েছে।
কুসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মীরা বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৬টার মধ্যেই নগরের সবকটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করে চারপাশ পূর্বের পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে এনেছে।
পবিত্র ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে এবার আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল কুসিক। কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ধারাবাহিক সমন্বয় সভা শেষে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ৮ ঘণ্টার মধ্যে নগরী পরিষ্কারের এই দূরূহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা নগরীর ১ থেকে ২৭ নং ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তবুও কোনো ডাস্টবিন, ময়লা ফেলার স্থান কিংবা আশপাশের এলাকায় কোরবানির বর্জ্য অবশিষ্ট থাকলে অনুগ্রহ করে কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা হটলাইনে যোগাযোগ করুন। অথবা ময়লার স্পটের ছবি তুলে স্থানটির নাম ও বিস্তারিত তথ্যসহ কমেন্টসে জানাতে পারেন। আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সফলভাবে এই অভিযান সম্পন্ন হওয়ায় তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী, কুসিকের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীসহ সম্মানিত নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।










