শনিবার ২৫ এপ্রিল, ২০২৬

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Battery-powered auto-rickshaws to be banned in phases, says Road Transport Minister
পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী/ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য এখন প্রায় সব এলাকায় ছড়িয়ে পড়েছে, যা জনজীবনে ভোগান্তি তৈরি করছে এবং বিশেষ করে ঢাকার প্রধান সড়কগুলোতে যানজট ও বিশৃঙ্খলা বাড়াচ্ছে। এ কারণে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এসব অটোরিকশার চলাচল সীমিত বা নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বিষয়টি হঠাৎ করে বাস্তবায়ন না করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে চায় সরকার। “সমস্যাটি বিস্তৃত, তাই রাতারাতি সিদ্ধান্ত নিলে তা কার্যকর করা কঠিন হবে,” বলেন তিনি।

রাজধানীর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। দেশের প্রশাসন, ব্যবসা-বাণিজ্য সবকিছুই ঢাকাকেন্দ্রিক। তাই ঢাকার সড়ক ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা অত্যন্ত জরুরি।”

একই সঙ্গে তিনি জানান, সরকার এমন একটি সমাধান খুঁজছে যাতে যাত্রী ও চালক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা পায়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার সীমিত আকারে মূল্য সমন্বয় করেছে। তিনি দাবি করেন, এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ ছিল না। বরং দীর্ঘদিন ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল।

ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ডিজেলের দাম বাড়ায় নির্ধারিত হারে ভাড়া কিছুটা সমন্বয় করা হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে এবং কেউ এর ব্যত্যয় ঘটালে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও আশ্বস্ত করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে একই অনুপাতে ভাড়াও কমানো হবে এবং এ জন্য আলাদা কোনো বৈঠকের প্রয়োজন হবে না।

আরও পড়ুন