
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে কোরবানির জন্য পর্যাপ্ত গরু রয়েছে এবং দেশীয়ভাবে উৎপাদিত গবাদিপশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
রোববার (২৪ মে) রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমি নিজেও একজন কৃষক। এবার ঈদে আমি ৪৫টি গরু বিক্রি করবো। গরু পালন করা আমার শখেরও একটি অংশ।”
তিনি জানান, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু ও ছাগল দেওয়া হয়। এসব পশু লালন-পালন করেই অনেক খামারি কোরবানির বাজারে গরু নিয়ে আসছেন।
তিনি আরও বলেন, “হাটে বাইরের কোনো গরু নেই। আমি নিজে গরু পালন করি, তাই গরু দেখলেই বুঝতে পারি কোনটি দেশীয় আর কোনটি বাইরের। ভারতীয় গরু যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।”
দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
জাল টাকার লেনদেন ঠেকাতে হাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, পুলিশের বুথে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হয়েছে। পাশাপাশি ব্যাংক ও ইজারাদারদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাটের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। হাজার হাজার গরুর মধ্যে দু-একটি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে, তবে স্বেচ্ছাসেবকরা খামারিদের সহযোগিতা করছেন।








