সোমবার ৪ মে, ২০২৬

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ১৬ মে ঘিরে ব্যাপক প্রস্তুতি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Prime Minister Tariq Rahman.webp
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে জেলা বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে।

রোববার (৩ মে) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রোববার বিকেলে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সফর সফল করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুরবাসী প্রমাণ করতে চায়—এটি বিএনপির শক্ত ঘাঁটি। প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক হবে।”

সফরকালে প্রধানমন্ত্রী চাঁদপুর সদরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে—

  • ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত বিশ্বখাল খনন কাজের উদ্বোধন
  • চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • পৃথক জেলা মেডিকেল কলেজ ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম উদ্বোধন

এছাড়া সুধী সমাবেশ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। জনসভার সম্ভাব্য স্থান হিসেবে চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

শেখ ফরিদ আহমেদ মানিক জানান, সড়ক, রেল ও নৌপথের সুবিধা বিবেচনায় চাঁদপুরে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে। পাশাপাশি জেলার উন্নয়নে আরও কিছু পরিকল্পনাও তুলে ধরা হবে।

এদিকে, সফরের আগে আগামী ৭ মে চাঁদপুর সফরে আসবেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন বলে জানা গেছে।

২০০৬ সালের পর প্রথম সফর

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের মাঝামাঝিতে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন। সে সময় লংমার্চ করে জেলার কয়েকটি উপজেলায় সমাবেশ করেন তিনি।

এবার দীর্ঘ বিরতির পর তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন