
ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর জমে উঠেছে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে আবারও চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা সদরের রাশেদ বলীকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন শরীফ। প্রায় ৪৫ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেন তিনি। উল্লেখ্য, গতবারও ফাইনালে রাশেদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন বাঘা শরীফ।
বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারের আসরে দেশের বিভিন্ন স্থান থেকে ১২০ জন নিবন্ধন করলেও অংশ নেন ৮০ জন প্রতিযোগী।
প্রথম রাউন্ডে বিজয়ী ৪০ জন প্রতিযোগী প্রত্যেকে ২ হাজার টাকা করে পুরস্কার পান। চ্যাম্পিয়ন বাঘা শরীফ পেয়েছেন ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। রানারআপ রাশেদ বলী পেয়েছেন ২০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
লালদীঘি মাঠ ও আশপাশের এলাকায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শকরা খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের চারপাশে ভিড় জমায়।
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই আয়োজনের সূচনা করেন আগেকার বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। তার নামানুসারেই এ প্রতিযোগিতা ‘জব্বারের বলীখেলা’ নামে পরিচিতি পায়।
প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১১ থেকে ১৩ বৈশাখ পর্যন্ত লালদীঘি মাঠে বসে জমজমাট বৈশাখী মেলা, যা স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।








