
কুমিল্লা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে শাসনগাছা এলাকায় চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
নিহতদের স্বজন জোহরা বেগম জানান, জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদি-নাতনি। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে তারা ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান। পরে কুমিল্লা রেলস্টেশনে এসে তাদের মরদেহ দেখতে পান।
তিনি বলেন, জোসনা বেগম তার ফুফু। তিনি চোখে খুব একটা দেখতে পেতেন না। মুরাদনগর থেকে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, জোসনা বেগম ও তার নাতনি চাঁদনী মুরাদনগরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তারা নিহত হন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লাকসাম জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, রেললাইন পার হওয়ার সময় দাদি জোসনা বেগম আগে ছিলেন এবং নাতনি চাঁদনী তার পেছনে ছিল। হঠাৎ ট্রেন চলে আসায় নাতনিকে বাঁচাতে জোসনা পেছনে এগিয়ে যান। এ সময় দুজনই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।










