
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৬ জুলাই) সকালে র্যাব-১১, সিপিসি-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মতলব উত্তর থানার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংস্থাটি জানায়, রাত্রীকালীন টহলের সময় গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, ওই এলাকায় ঝোপের মধ্যে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। খবর পেয়ে টহল দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









