
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। মৌসুমের ইলিশ কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ভিড় করায় ব্যস্ততা বেড়েছে মাছঘাটজুড়ে। আড়তগুলোতে ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটের বিভিন্ন আড়তে ইলিশ কিনতে ভিড় করেন সাধারণ ক্রেতা ও মৌসুমি খুচরা ব্যবসায়ীরা। কেউ পরিবারের জন্য মাছ কিনছেন, আবার কেউ বেশি দামে বিক্রির আশায় মাছ কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়।
ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনো কম। পাশাপাশি নদীতে মাছ ধরার খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারদরে। গত কয়েক সপ্তাহে আকার ও মানভেদে ইলিশের দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।
ঢাকা থেকে মাছ কিনতে আসা ক্রেতা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘চাঁদপুরের ইলিশের আলাদা একটা চাহিদা আছে। তাই দূর থেকে এসেও এখান থেকে মাছ কিনতে চাই। কিন্তু দাম এখনো বেশ চড়া। এক কেজির কাছাকাছি ভালো মানের ইলিশ কিনতে গেলে সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে যাচ্ছে।’
কুমিল্লা থেকে আসা আরেক ক্রেতা সাইফুল আলম বলেন, ‘ঘাটে এসে মাছ দেখে কেনার সুযোগ আছে, এটাই বড় সুবিধা। তবে চাঁদপুরের স্থানীয় ইলিশের দাম তুলনামূলক বেশি। অন্য জেলার ইলিশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। তাই মাছের আকার, তাজা কি না এবং ওজন দেখে তারপর কিনতে হচ্ছে।’
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের এক ব্যবসায়ী বলেন, ‘আগের তুলনায় ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। কিন্তু যে পরিমাণ ক্রেতা আসছেন, সে অনুযায়ী মাছ এখনো কম। বিশেষ করে ছুটির দিনে ক্রেতার চাপ অনেক বেড়ে যায়। সরবরাহ আরও বাড়লে দামও কিছুটা কমতে পারে।’
তিনি জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা দরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে প্রতি কেজি ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। আর প্রায় আধা কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে।
মাছঘাট সংশ্লিষ্টরা জানান, চাঁদপুরের নদীতে ইলিশের সরবরাহ এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। নোয়াখালী, চরফ্যাশনসহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে ইলিশ আসছে। সব মিলিয়ে বর্তমানে প্রতিদিন বড়স্টেশন মাছঘাটে প্রায় ১৫০ থেকে ২০০ মণ ইলিশ উঠছে।
চাঁদপুর মাছঘাটের ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইলিশের দাম আরও বাড়ার সম্ভাবনা কম। বরং বাজারে সরবরাহ বাড়লে আকার ও মানভেদে মাছের দাম কিছুটা কমতে পারে। তবে ভালো ও তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় এসব মাছের দাম তুলনামূলক বেশি থাকবে।
তবে ব্যবসায়ীদের আশা, মৌসুমের শেষ দিকে নদী ও সাগর থেকে ইলিশের সরবরাহ আরও বাড়লে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তখন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরতে পারে।









