
চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লাজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান।
সরেজমিনে দেখা যায়, খাল খনন কর্মসূচি উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই কুমিল্লা-ঢাকা মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন।
দাউদকান্দি এলাকায় পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাজার হাজার সমর্থক তারেক রহমানকে একনজর দেখার জন্য তাকে বহনকারী বাসের চারপাশে ভিড় করেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মহাসড়কে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্র জানায়, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছিল। কুমিল্লাজুড়ে লাখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।”









