মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Chandpur Zilla Parishad announces budget of Tk 85.36 crore.
ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় এ বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ২৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, সরকারি বরাদ্দ ৩০ কোটি টাকা, মূলধনী আয় ১৩ কোটি টাকা এবং প্রারম্ভিক স্থিতি ১৭ কোটি টাকা ধরা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, জেলা পরিষদকে আর্থিকভাবে স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার, পুকুর খনন এবং আয়বর্ধক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত আয়-ব্যয়ের পরিকল্পনার পাশাপাশি জনস্বার্থ ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন