
কুমিল্লায় মাদক চোরাকারবারি, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৭৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও প্রশাসন) মো. লুৎফর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ২৭৫ জনের মধ্যে মাদক মামলার আসামি, কিশোর অপরাধে জড়িত ব্যক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী-সমর্থকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৩৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।










