শনিবার ৩০ মে, ২০২৬

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকী ছবি/সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের অনুভূতি কিছুটা বাড়লেও একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩০ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েকটি স্থানে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার ও বুধবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন