শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

কৃষি উৎপাদনে ব্যয় কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কুমিল্লায় কৃষিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

কৃষি উৎপাদনে ব্যয় কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী/ছবি : সংগৃহীত

কৃষি খাতে উৎপাদন ব্যয় কমাতে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, ফলে তারা অর্ধেক খরচে সোলার সুবিধা পাবেন।

শুক্রবার কুমিল্লার কুমিল্লা আদর্শ সদর উপজেলা-এর বিবিরবাজার এলাকায় আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সেচ খরচ কমাতে ধাপে ধাপে কৃষিতে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এর মাধ্যমে জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড প্রদান। শুরুতে এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মোট ১ হাজার ৪৫৮ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়।

এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

আরও পড়ুন