
শুরু হয়ে গেলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ডের যাত্রা। বাংলা নববর্ষের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উপহারে হাসি ফুটেছে কার্ড পাওয়া কৃষকদের মুখে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলে আয়োজিত এক বিশাল জনসভা থেকে দেশব্যাপী ডিজিটাল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবা ও ভর্তুকি পৌঁছে দেওয়ার নতুন পথ প্রশস্ত হলো।
বেলা ১১টার কিছু পরে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ডিজিটাল পদ্ধতিতে কার্ড বিতরণের এই মহতী উদ্যোগের শুরুতে প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে সাথে নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন।
কম্পিউটারের মাউসে ক্লিক করার আগে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “এখানে এই কম্পিউটারের একটি সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশের প্রায় ২২ হাজার কৃষকের কাছে সরকারের দেওয়া এই সুবিধা পৌঁছে যাবে। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করবো।” এরপর জনতাকে সাথে নিয়ে উচ্চস্বরে ‘বিসমিল্লাহ’ এবং ‘ওয়ান-টু-থ্রি’ কাউন্টডাউনের মাধ্যমে তিনি সুইচ টিপে ঐতিহাসিক এই কার্যক্রমের সূচনা করেন।
এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। তার যাত্রাপথে রাস্তার দুই পাশে হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ ভিড় জমান। প্রধানমন্ত্রীও সহাস্যে গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।







