
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় কুমিল্লার মুরাদনগরে ৯ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।
অভিযানে রাত ৮টার পর সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৯ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মুরাদনগর থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের প্রচারণার মাধ্যমে জানানো হয়েছে। এরপরও কয়েকজন ব্যবসায়ী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










