সোমবার ৬ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় বেড়াতে গিয়ে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Teenager commits suicide while visiting sister's home in Brahmanpara, Cumilla.
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় বেড়াতে গিয়ে কিশোরের আত্মহত্যা/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসায় বেড়াতে গিয়ে মো. জুনায়েদ (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে বোন সাদিয়া আফরিনের স্বামীর ভাড়া বাসায় বেড়াতে যান।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ওই বাসার বাথরুমে তোয়ালে রাখার স্ট্যান্ডের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বোন সাদিয়া আফরিন ও স্থানীয় লোকজন দরজা খুলে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়। আদরের ভাইকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

জুনায়েদের মা পুলিশকে জানিয়েছেন, মানসিক রোগে ভোগার কারণেই সবার অগোচরে তাঁর ছেলে এ ধরনের চরম সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত কিশোর মানসিক সমস্যায় ভুগছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন