শনিবার ১৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ে ছাই সাহেবাবাদ দক্ষিণ বাজারের প্রায় ১২ দোকান

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ে ছাই সাহেবাবাদ দক্ষিণ বাজারের প্রায় ১২ দোকান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে সংঘটিত এ অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আগুন লাগার খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, ওষুধ ও মুদি পণ্যের দোকান ছাড়াও একটি স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুনের ভয়াবহতায় দোকানের পণ্য, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা হয়েছে। সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরও পড়ুন