
কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ‘তিশা প্লাটিনাম পরিবহনের’ একটি বাস মহাসড়কে উল্টে অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়ার বাজার হাইওয়ে থানার এসআই সোহেল আহমেদ জানান, দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আহত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা হাসপাতাল থেকে চলে গেছেন। গুরুতর আহত সাতজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মহাসড়কে চলন্ত তিশা প্লাটিনাম পরিবহনের বাসটি সামনে থাকা একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।










