
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মিয়াবাজার এলাকায় কাঁচাবাজার, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, বেকারি পণ্য ও মিষ্টি তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং অননুমোদিত ফ্লেভার ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে নিউ জনতা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রোগীদের কাছ থেকে অতিরিক্ত টেস্টের মূল্য আদায় এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ফেমাস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মেয়াদ ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে হীরা সুইটস ও একটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।










