রবিবার ২২ নভেম্বর, ২০২৬

কুমিল্লার খাদি শাড়িতে মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়লেন মাহি

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Mahi turned heads on the Miss Universe stage in a Khadi saree from Comilla.
কুমিল্লার খাদি শাড়িতে মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়লেন মাহি

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শাড়ি ও বাংলার সাবেকি গয়নায় হাজির হয়ে নজর কেড়েছেন তিনি। তাঁর পোশাকের মধ্য দিয়ে ফুটে উঠেছে মাতৃত্ব, মমতা ও প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত ভালোবাসার এক অনন্য গল্প।

বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) ভোর ৫টায় প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন মাহি। এ সময় তাঁর পরনে ছিল লাল-সাদা রঙের খাদি শাড়ি। সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী নকশায় তৈরি সোনালি গয়না। পুরো সাজের মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।

মাহির পোশাকের বিশেষত্ব ছিল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ের ব্যবহার। ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটির নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। আন্তর্জাতিক মঞ্চে স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুবিধার্থে শাড়িটি তৈরি করা হয়েছে রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার জাতীয় ফুল শাপলার নকশা। পাশাপাশি রয়েছে ব্লকপ্রিন্টের কাজ।

তবে শাড়ির পাশাপাশি সবার দৃষ্টি কেড়েছে মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মটি। সেখানে এক নারীর জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। একটি মেয়েশিশুর শৈশব থেকে বেড়ে ওঠা, মাতৃত্বের স্বাদ গ্রহণ এবং জীবনের শেষ প্রান্তে এসে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে শিল্পকর্মটিতে। এর মধ্য দিয়ে মায়ের ভালোবাসা ও মমতার চিরন্তন বন্ধনকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে।

ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, পুরো পোশাক ও শিল্পকর্ম তৈরির জন্য তাঁরা সময় পেয়েছিলেন মাত্র তিন দিন। এর মধ্যে দুই দিন ব্যয় হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা বৃত্তাকার শিল্পকর্মটি তৈরিতে। বাকি এক দিনেই সম্পন্ন করা হয় শাড়ির কাজ।

খাদি শাড়ির সঙ্গে মাহির অলংকারেও ছিল বাংলার ঐতিহ্যের ছাপ। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের প্রচলিত গয়না থেকে অনুপ্রেরণা নিয়ে এগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। নয়জন কারিগর টানা সাত দিনে মোট ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে গয়নাগুলো তৈরি করেছেন। প্রতিটি অলংকারই হাতে তৈরি করা হয়েছে নিপুণ কারুকাজে।

এদিকে শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পাননি মাহি। এ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহি জানিয়েছেন, মিথিলার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছেন।

কুমিল্লার খাদি কাপড়কে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। একই সঙ্গে মাতৃত্ব ও মায়ের ভালোবাসার গল্পও বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

আরও পড়ুন