
লিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। সোমবার (২ নভেম্বর) নিজের ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা সিনেমার প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
গানটিতে শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। পর্দায় দুজনের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি শাহরুখের আকর্ষণীয় শারীরিক গঠন ও নতুন লুক নিয়েও প্রশংসা করছেন ভক্তরা।
গানটির অন্যতম বড় আকর্ষণ আন্তর্জাতিক সংগীত তারকা এড শিরান ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের যৌথ অংশগ্রহণ। শচীন-জিগারের সুরে তৈরি গানটির শুরুতেই শোনা যায় শাহরুখের সংলাপ—‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ!’। এরপর অরিজিৎ ও এড শিরানের সংগীতের মেলবন্ধন গানটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
শাহরুখ ও দীপিকার রোমান্টিক দৃশ্য দেখে অনেক ভক্তই তাঁদের আগের সিনেমাগুলোর স্মৃতিচারণ করছেন। বিশেষ করে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানের সঙ্গে নতুন গানের দৃশ্যের তুলনা করছেন অনেকে। অন্যদিকে ৬১ বছর বয়সেও শাহরুখের শারীরিক ফিটনেস ও পর্দায় উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে।
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে। একজন লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না! শাহরুখ, অরিজিৎ সিং ও এড শিরান—কী অসাধারণ সমন্বয়!’ আরেক ভক্তের মন্তব্য, ‘কিং খানের জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ শাহরুখ-কন্যা সুহানা খান। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে। এর আগে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল সুহানার।










