বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

কুমিল্লায় ১৮ থানায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 90 arrested in special anti-drug drive across 18 police stations in Cumilla.
কুমিল্লায় ১৮ থানায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০ জন গ্রেফতার//ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে পুলিশ। জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে ৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি গাঁজা, ৬৩০ লিটার দেশীয় মদ ও ৪৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীসহ মোট ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের সব থানার উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে মোট ৩৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি গাঁজা, ৬৩০ লিটার দেশীয় মদ এবং ৪৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার।

আরও পড়ুন