বুধবার ১২ আগস্ট, ২০২৬

কুমিল্লায় ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাড় নয়: গণপূর্তমন্ত্রী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Intensive anti-drug drive in Cumilla from August 18
কুমিল্লায় ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাড় নয়: গণপূর্তমন্ত্রী/ছবি: সংগৃহীত

মাদকের বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, আগামী ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে। 

এ সময়ের মধ্যে কোনো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদকসেবীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র‍্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে উপস্থিত কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ‘মাদককে না বলি’ স্লোগানের মাধ্যমে শপথবাক্য পাঠ করান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

মন্ত্রী বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়ায়। তাই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

কুমিল্লাকে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক কুমিল্লায় প্রবেশ করছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেও মাদককারবারিরা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসন বদ্ধপরিকর।

কুমিল্লায় কোনো মাদককারবারিকে আশ্রয় দেওয়া যাবে না—এমন হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে কুমিল্লার প্রতিটি থানায় একটি করে তথ্য বক্স স্থাপন করা হবে বলেও জানান তিনি। এসব তথ্য বক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে।

মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সঠিক পথে ফিরে আসবেন—এটাই প্রত্যাশা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পরে টাউন হল মাঠ থেকে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। এতে প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন