মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১, এক রাতে আটক ৩৮৫ জন

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - 1 arrested for inciting worker protests in Comilla, 385 detained in a single night
কুমিল্লায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১, এক রাতে আটক ৩৮৫ জন

কুমিল্লা জেলায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মূল উসকানিদাতা হিসেবে অভিযুক্ত মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকায় অপরাধপ্রবণ স্থান এবং কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোকে বিশেষভাবে লক্ষ্য করে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।

অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে পড়ার টেবিলে ফেরানো এবং নিরাপদ নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অভিযানের সময় কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

আরও পড়ুন