শনিবার ২ মে, ২০২৬

কুমিল্লায় ঝুম বৃষ্টিতে দুপুরেই সন্ধ্যার মতো অন্ধকার, জনজীবনে ভোগান্তি

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

সকাল থেকেই কুমিল্লার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। কিছুক্ষণ পরপরই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর অল্প সময়ের ব্যবধানেই তা রূপ নেয় ঝুম বৃষ্টিতে। এতে হঠাৎ করেই চারপাশে সন্ধ্যার মতো অন্ধকার নেমে আসে।

শনিবার (২ মে) দুপুর ২টার পরপরই বৃষ্টিপাত শুরু হয়। আড়াইটার দিকে শহরের বিভিন্ন এলাকা অন্ধকার হয়ে যায়, এরপর শুরু হয় ভারী বর্ষণ।

বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।

অন্যদিকে আবদুল বশির বলেন, “দুপুরে অফিসে বসে ছিলাম, হঠাৎ জানালার বাইরে তাকিয়ে দেখি যেন রাত নেমে এসেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।”

কুমিল্লা ইপিজেডের কর্মজীবী নারী তাসফিয়া জানান, “ছাতা নিয়েও ভিজে গেছি। নিচের অংশ পুরো ভিজে গেছে। ভোগান্তি হলেও এই বৃষ্টিতে কিছুটা স্বস্তিও আছে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বৃষ্টিপাতের এই প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আগামী কয়েক দিন একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বুধবার (৬ মে) থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

আরও পড়ুন