বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডবে জমির ফসল ক্ষতিগ্রস্ত বেশি ৫ উপজেলায়

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

কুমিল্লায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে জমির ফসল ক্ষতিগ্রস্ত বেশি ৫ উপজেলায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ১৭৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর গ্রীষ্মকালীন সবজি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১৭টি উপজেলায় কমবেশি ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে লাকসাম, দাউদকান্দি, নাঙলকোট, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।

তিনি আরও বলেন, “জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠা যায়।”

এদিকে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, জেলার ৩৫টি ট্রান্সফরমার বিকল, ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং প্রায় ৫৫০টি মিটার সংযোগ নষ্ট হয়েছে। এতে অন্তত ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

ঝড়ো বাতাসে অসংখ্য গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে জেলার বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দিতে সমস্যা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে পড়ায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের।

স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন