শুক্রবার ২৬ জুন, ২০২৬

কুমিল্লায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - International Day Against Drug Abuse observed in Cumilla
ছবি: মিডিয়া রিলিজ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিঙ্কু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, অজিতগুহ কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং প্রশাসনের সঙ্গে জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন