
প্রতি বছরের মতো এবারও কুমিল্লায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় অনুষ্ঠিতব্য এ জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহীম।
ঈদকে ঘিরে ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়া বিবেচনায় নিয়ে এ বছর ঈদুল আজহায় ২০ লাখ টাকা ব্যয়ে মুসল্লিদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে সামিয়ানা টানানো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামিয়ানার নিচে বৃষ্টির পানি পড়বে না এমন ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় করা হয়েছে আলোকসজ্জা।
মহিলা মুসল্লিদের জন্যও রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জিমনেসিয়ামে নারীদের নামাজ আদায়ের সুযোগ থাকবে বলে জানা গেছে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলা কার্যালয় নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করেছে। সম্প্রতি জেলা কার্যালয়ের উপ-পরিচালকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলা মডেল মসজিদ, টমছমব্রিজ, কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকার মসজিদ ও ঈদগাহে পৃথক সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আযহার নামাজ আদায়ের সময়সূচি (কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা)
| ক্রমিক নং | ঈদগাহ্/মসজিদের নাম | ইমামের নাম | নামাজের সময় | |
| ১. | কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ | হাফেজ মাওলানা ইব্রাহিম | সকাল ৮.০০ টা | |
| ২. | জেলা মডেল মসজিদ, কুমিল্লা | মাওলানা শাহাদাত হোসেন | সকাল ৮.০০ টা | |
| ৩. | পুলিশ লাইন জামে মসজিদ | মাওলানা শরফুদ্দিন | সকাল ৭.৩০ টা | |
| ৪. | রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদ | মাওলানা নুরুল্লাহ আল কাদেরী | সকাল ৮.০০ টা | |
| ৫. | রেইসকোর্স নূর মসজিদ | মাওলানা আবুল হাসান | সকাল ৭.৩০ টা | |
| ৬. | দারোগা বাড়ী জামে মসজিদ | হাফেজ মাওলানা ইয়াছিন নূরী | সকাল ৮.৩০ টা | |
| ৭. | ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ | মাওলানা আনোয়ার হোসাইন | সকাল ৮.৩০ টা | |
| ৮. | মুনসেফবাড়ী জামে মসজিদ | মাওলানা মিজানুর রহমান | সকাল ৮.০০ টা | |
| ৯. | কালিয়াজুরী বড় মসজিদ | মাওলানা সাইদুর রহমান | সকাল ৮.০০ টা | |
| ১০. | জানু মিয়া জামে মসজিদ | মাওলানা ফজলুল হক | সকাল ৮.০০ টা | |
| ১১. | মুন্সীবাড়ী জামে মসজিদ | মাওলানা নুরুল ইসলাম | সকাল ৯.০০ টা | |
| ১২. | আড়াইওড়া শাগী ঈদগাহ | মাওলানা আলী হোসেন | সকাল ৮.০০ টা | |
| ১৩. | দুর্গাপুর দিঘীরপাড় ঈদগাহ | মাওলানা ইমাম হোসেন | সকাল ৮.০০ টা | |
| ১৪. | কাসেমুল উলুম মাদ্রাসা | মাওলানা মামুনুর রশিদ | সকাল ৭.০০ টা | |
| ১৫. | বাগিচাগাঁও বড় মসজিদ | মাওলানা আবুল হাসান রাজাপুরী | সকাল ৮.০০ টা | |
| ১৬. | রানীর বাজার জামে মসজিদ | মাওলানা মনির হোসেন | সকাল ৭.৩০ টা | |
| ১৭. | সার্ভে ইনস্টিটিউট জামে মসজিদ | মাওলানা সিদ্দিকুর রহমান | সকাল ৮.০০ টা | |
| ১৮. | কেন্দ্রীয় কারাগার ঈদগাহ | মাওলানা শাহজালাল সিরাজী | সকাল ৭.৩০ টা | |
| ১৯. | শুভপুর শাহী ঈদগাহ ময়দান | মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্লাহ | সকাল ৮.০০ টা | |
| ২০. | উপজেলা কোয়াটার জামে মসজিদ | মাওলানা আতিকুর রহমান | সকাল ৭.০০ টা |
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহরাওয়ার্দী রাইজিং কুমিল্লাকে বলেন, “নগরবাসীর সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মুসল্লিরা যেন সহজেই নিজেদের নিকটস্থ জামাতে অংশ নিতে পারেন এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এই সময়সূচি প্রস্তুত করা হয়েছে।”
অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর ঈদগাহ মাঠ ও আশপাশের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহসহ পুরো এলাকাজুড়ে করা হয়েছে আলোকসজ্জা।
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরবাসী যেন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, “কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনটি পুলিশের টিম দায়িত্ব পালন করবে। এছাড়া নগরীর প্রতিটি ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, ডিবি, ডিএসবি ও ট্রাফিক পুলিশের সদস্যরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহলে থাকবে বলেও জানান তিনি।”









