বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে আগুনের প্রচেষ্টা, ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশক্তির বিক্ষোভ

কুবি প্রতিনিধি

RisingCumilla - Attempt to set fire to a moving Comilla University bus, Chhatra Dal and Chhatra Shakti stage protests on campus
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে আগুনের প্রচেষ্টা, ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশক্তির বিক্ষোভ

রাতে শহর থেকে ক্যাম্পাসমুখী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে । বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টায় বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কুবি শিক্ষার্থীরা। এ ঘটনায় রাত সাড়ে ১০ টায় ক্যাম্পাস গেটে বিক্ষোভ মিছিল করেছেন কুবি শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শহর থেকে রাত সাড়ে ৮ টায় বাসটি ছেড়ে আসে। যার নম্বর প্লেট ‘কুমিল্লা-স-১১-০০২৫’। বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করে কোটবাড়ি বিশ্বরোডে যাওয়ার পথে আগুন দেওয়ার প্রচেষ্টা চালায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা।

বাসের শিক্ষার্থীর ভাষ্য, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়। এ সময় আরো দু’জন মোটরসাইকেল নিয়ে সেখানে অবস্থান করছিলেন। টায়ারে আগুন দেওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

শিক্ষার্থীরা বলছেন, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল। পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে লক্ষ্য করেই এ ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে হঠাৎ আগুনসহ টায়ার বাসের সামনে আসতে দেখে বাস চালক হানিফ দ্রুত ব্রেক করেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা যখন আসি, তখন একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশক্তির প্রতিবাদ, বিক্ষোভ মিছিল:

এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে ছাত্র আন্দোলন চত্বর ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে শেষ হয়।

মিছিল থেকে ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া বলেন, “লীগের বিষয়ে কোনো আপস নাই। সব দল ও শক্তি একসঙ্গে মিলে লীগকে যেখানে পাব, সেখানে প্রতিহত করব। লীগ সন্ত্রাসী সংগঠন, লীগ জঙ্গি সংগঠন। এই সংগঠন বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। লীগকে বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া যাবে না।”

ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পাহারাদার হিসেবে ভূমিকা পালন করবে। প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমরা সতর্ক অবস্থানে থাকব। আওয়ামী লীগের যাদের ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তাদের পিঠের চামড়া তুলে নেব।”

ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ক্যাম্পাসের আশপাশে কিংবা ভেতরে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম দেখতে পেলে আমাদের জানাবেন। আমরা তাদের আগে পিটবো, তারপর পুলিশের সোপর্দ করবো।”

আরও পড়ুন