বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - shahjalal international airport
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় বলে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করতে বলা হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এপিবিএন সদস্যদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে দিনের পাশাপাশি রাতের সময়কেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতভর টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা রাখা যাবে না।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশি, টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বেবিচক।

আরও পড়ুন