রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

দেশজুড়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

কুবি প্রতিনিধি

RisingCumilla - Comilla University holds a protest meeting against ongoing terrorist activities across the country
দেশজুড়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সভা

সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

‎রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এর আয়োজন করা হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে।

এ সভায় কর্মচারী হাবিবুর রহমান বলেন, “সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ নাশকতা করতে চাইলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করবো।”

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন বলেন, “বৈশ্বিক এই পরিস্থিতিতে বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো আছে। যারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সফল দেখতে চাই।

‎শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, “আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা চাই, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।”

‎বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, “দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর চব্বিশের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। ঠিক সেই সময় পতিত স্বৈরাচারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে তাদের দোসরদের লেলিয়ে দিয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ফাটিয়ে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই মিলে প্রতিবাদ জানাবে এবং তা প্রতিহত করবে।”

‎প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে আত্মাহুতি দেওয়া চৌদ্দশোর অধিক শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করছি। গত ১২ ফেব্রুয়ারির প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে, ২৪-এ পরাজিত ও বিতাড়িত একটি বিশেষ গোষ্ঠী তা নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেকোনো অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

আরও পড়ুন