
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৪ জুন) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুন রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত কবরী আক্তার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










