
রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে যানজট নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে। এমন জায়গায় তাদের পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও আগ্রহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
যানজট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট বাড়ে। অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং এ সমস্যার মূল কারণ। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এবং ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান বৈঠকে অংশ নেন।








